রংপুর বিভাগের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা চূড়ান্ত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (২৯ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের।
তিনি বলেন, স্থানীয় প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণে শুকনো এবং ভারী খাবার, চাল-ডাল তেল সামগ্রী রয়েছে। সেগুলা বিতরণ করার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি ঢাকাস্থ রংপুর বিভাগের শিক্ষার্থী এবং স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ছাত্র প্রতিনিধি গঠিত হবে।
তিনি আরও বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় ত্রাণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হবে। প্রয়োজনে ইতোপূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুনর্বাসন ফান্ডে জমা পড়া সহায়তার একটা অংশ দিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। সহায়তার বাকি অংশ পরবর্তীতে পূর্বাঞ্চলের পুনর্বাসনে ব্যয় করা হবে।


