সারা দেশে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংশ্লিষ্ট প্রশাসন এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস সচিব আরও জানান, সরকার পরিচালনার দায়িত্বের পাশাপাশি দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে নেওয়া, জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম বিভাগে ইতোমধ্যে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন। দুর্গত পাঁচ জেলার জন্য নগদ অর্থ ও কয়েক হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপদ খাবার পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিশুখাদ্য এবং রান্না করা খাবার সরবরাহ অব্যাহত রয়েছে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী উদ্ধারকাজে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ, সড়ক ও রেল যোগাযোগ পুনরুদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


