দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে এক বৈঠকে তারা এ দাবি তুলে ধরেন।
বৈঠকে অংশ নেওয়া সম্পাদক ও প্রকাশকরা বলেন, বর্তমানে অনলাইন গণমাধ্যম দেশের অন্যতম প্রধান সংবাদমাধ্যম হিসেবে দ্রুত ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করছে। সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এবং তাৎক্ষণিক সংবাদ পৌঁছে দিতে এ খাতের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় নিবন্ধিত অনলাইন পোর্টালগুলো আর্থিকভাবে বৈষম্যের শিকার হচ্ছে।
তাদের মতে, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন সুবিধার আওতায় আনলে প্রতিষ্ঠানগুলো আরও পেশাদার ও টেকসইভাবে পরিচালিত হতে পারবে। একই সঙ্গে অনলাইন সংবাদমাধ্যমের বিকাশ এবং মানসম্মত সাংবাদিকতা আরও উৎসাহিত হবে।
আলোচনায় অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সম্পাদকরা বলেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে কার্যকর নীতিমালা এবং জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তোলা জরুরি। এজন্য নিবন্ধন প্রক্রিয়া আরও কার্যকর করা এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ দেশের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক, নির্বাহী সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।


