স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের খেলাধুলার সমর্থনের গণ্ডি পেরিয়ে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, শুধু আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ফুটবল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেই হবে না। দেশের তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল উদ্ভাবনের দিকে বেশি মনোযোগ দিতে হবে। নতুন ধারণা ও গবেষণাভিত্তিক উদ্যোগই দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারে।
তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মো. সলেমান আলীর উদ্ভাবিত সৌরশক্তিচালিত সেচপাম্প কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্ভাবন দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
মন্ত্রী আরও বলেন, সলেমান আলী দেশের তরুণ উদ্ভাবকদের জন্য অনুকরণীয় উদাহরণ। সরকার উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে বদ্ধপরিকর এবং এই প্রযুক্তিকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তিনি এই উদ্ভাবনকে জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল সোলার সেচপাম্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তির মাধ্যমে স্বল্প খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। সরকারি সহায়তা পেলে দেশের আরও বিস্তীর্ণ এলাকায় এই প্রযুক্তির ব্যবহার সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।


