রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার এক দশক পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ১ জুলাই রাতে নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবির একদল জঙ্গি রেস্টুরেন্টটিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। দীর্ঘ রাতের সেই হামলায় ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয়, এক বাংলাদেশি-আমেরিকান দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশিসহ মোট ২০ জন নিহত হন। এছাড়া জঙ্গিদের হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ এবং সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলামও প্রাণ হারান।
পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয় এবং জিম্মি পরিস্থিতির অবসান ঘটে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নব্য জেএমবির আরও কয়েকজন সদস্য নিহত হন।
এই বহুল আলোচিত মামলার বিচারিক আদালত ২০১৯ সালের ২৭ নভেম্বর একজনকে খালাস দিয়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। তবে ২০২৩ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট সেই রায় পরিবর্তন করে সাতজনের মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। ২০২৫ সালের ১৭ জুন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দণ্ডপ্রাপ্তরা আপিল বিভাগে আবেদন করেন।


