বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শান্তা ইকুইটি লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে এই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। কোম্পানিটি ২০১৪ সালে তালিকাভুক্ত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে নগদ লভ্যাংশ প্রদানের রেকর্ড বজায় রেখেছে।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ তৈরি পোশাক, স্পিনিং, নিটিং, ডাইং, অল ওভার প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, টেলিকম, ফার্মাসিউটিক্যালস, ড্রেজিং, লাইফস্টাইল, এভিয়েশন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন সেবাসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।
এ উপলক্ষে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের লাভজনক প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্তি বিনিয়োগকারীদের এই প্রতিষ্ঠানগুলোর পরবর্তী প্রবৃদ্ধিতে অংশগ্রহণের সুযোগ করে দেবে এবং একই সঙ্গে স্বচ্ছতা ও সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”
শান্তা ইকুইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুবায়েত-ই-ফেরদৌস বলেন, “ডিবিএল গ্রুপের প্রস্তাবিত আইপিও কার্যক্রমে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। প্রতিষ্ঠানগুলোর পাবলিক মার্কেটে উত্তরণে সহায়তা করতে এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে ভূমিকা রাখতে আমরা প্রত্যাশী।


