লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম) থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুতির ঝুঁকি অবশেষে কেটে যাচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিতে নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক হিসাব প্রকাশের জন্য পর্ষদ সভা আহ্বান করেছে কোম্পানিটি। ফলে তালিকাচ্যুতি নিয়ে সৃষ্ট জটিলতা শিগগির কেটে যাবে বলে মনে করছে কোম্পানি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা।
লন্ডনে তালিকাভুক্ত সিকিউরিটিজের মালিক ছয়টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২১ জুন) কোম্পানিটির পর্ষদ সভা আয়োজনের সম্মতি দিয়েছেন। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি বিদেশে দেশের শেয়ারবাজারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি নিয়ে তৈরি হওয়া জটিলতার একটি ইতিবাচক সমাধান হয়েছে। আর্থিক বিবরণী সময়মতো প্রকাশ না করার কারণে সেখানে তালিকাচ্যুত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, কমিশনের নতুন সিদ্ধান্তে তা কেটে গেছে। সাধারণ বিনিয়োগকারীরা যাতে লাভবান হতে পারেন, সেই লক্ষ্যেই কমিশন এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় অংশ রয়েছে। আন্তর্জাতিক বাজারে এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের শেয়ারবাজারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


