এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিপক্ষে মত দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অংশীজনরা জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় অংশীজনরা এমন প্রস্তাব তুলে ধরেছেন বলে জানিয়েছেন সভায় অংশ নেওয়া কর্মকর্তারা।
বর্তমানে এপ্রিলে এসএসসি ও সমমান এবং জুলাইতে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজিত হচ্ছে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সভায় আসা মতামতের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল বলেন, সভায় শিক্ষার্থীদের সময় অপচয় না করে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনে অংশীজনদের মতামত নেওয়া হয়। অনেক শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানের মতামত হচ্ছে এসএসসি পরীক্ষা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আর এইসএসসি পরীক্ষা জুনের প্রথম সপ্তাহে নিলে কোনো সমস্যা থাকবে না।


