মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের দল। তাদের অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান, কৃষি খাত, বিদেশে জনশক্তি রপ্তানি ও বন্ধ কলকারখানা চালুর বিষয়ে বিএনপি পরিকল্পনা নিয়েছে।তারেক রহমান জানান, সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
বেকার সমস্যা সমাধানে শিল্প-কারখানা পুনরায় চালু এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।


