বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং শিল্পায়নে চীনের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক শক্তি এবং দেশটি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।
শুক্রবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীন সরকারের সহায়তায় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, সড়ক, সেতু, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন খাতে চীনের সহায়তা বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে চীনের আগ্রহ রয়েছে এবং এ লক্ষ্যে ভবিষ্যতে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, আগামী বছর চীনের একটি প্রতিনিধিদল ঠাকুরগাঁও সফর করে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবে। সম্ভাব্য বিনিয়োগ ও শিল্পায়ন উদ্যোগ নিয়ে তখন বিস্তারিত আলোচনা হবে।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করেন।
অনুষ্ঠানে চীন সরকারের সৌজন্যে কয়েক হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


