ঢাকা-৮ আসনের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত ফলাফল ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানে শাপলা কলি প্রতীকে নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পান ৫১৬ ভোট। মাত্র ৭ ভোটের ব্যবধানে ফল নির্ধারিত হওয়ায় কেন্দ্রে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
এ কেন্দ্রে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা (হাতপাখা) পান ১১ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) ও গণ-অধিকার পরিষদের মেঘনা আলম (ট্রাক) পান ৭টি করে ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) মো. জুবের আলম খান (লাঙ্গল) পান ৫টি করে ভোট।
অন্যদিকে, উদয়ন স্কুল কেন্দ্রেও শাপলা কলি প্রতীকের প্রাধান্য দেখা গেছে। ১ হাজার ৯৫২ জন ভোটারের মধ্যে ৭১৩ জন ভোট দেন। এর মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৩৮৯ ভোট এবং মির্জা আব্বাস পান ২৯৩ ভোট। নির্বাচন কমিশন সূত্র জানায়, এ কেন্দ্রে ভোটগ্রহণের হার ছিল ৩৬.৫৩ শতাংশ। একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ৫৩১টি এবং ‘না’ ভোট পড়ে ১৭৩টি।
দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তারা ফলাফল নিশ্চিত করেন। দুই কেন্দ্রের ফলাফলে প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হলেও সামগ্রিক চিত্রে শাপলা কলি প্রতীক এগিয়ে রয়েছে।


