কুড়িগ্রামকে উন্নয়নের সূতিকাগার হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের সবচেয়ে বঞ্চিত জনপদ কুড়িগ্রাম থেকেই উন্নয়নের যাত্রা শুরু হবে। বঞ্চিত মানুষের আর দাবি জানাতে হবে না, মিছিলেও নামতে হবে না—উন্নয়ন করা আমাদের ইমানি দায়িত্ব।
বুধবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে রূপান্তর করা হবে। কৃষিভিত্তিক শিল্প ও বিপ্লব ঘটলে কর্মসংস্থানের সংকট দূর হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এসব টাকা কঠোরভাবে উদ্ধার করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো দলীয় রাষ্ট্র কায়েম করতে চায় না; বরং ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বিভাজনের রাজনীতি পরিহার করে সমতা ও ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার করেন তিনি। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের স্বপ্নের দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াত কাজ করে যাবে।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সব ধর্মের নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। সমাবেশে কুড়িগ্রামের বিভিন্ন আসনের জামায়াত ও জোটপ্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং জনগণের সমর্থন কামনা করা হয়।


