মুন্সিগঞ্জে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গতকাল স্কুল প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খন্দকার ফরহাদ হোসেন বলেন, ‘শীতকালে আত্মীয়-স্বজন কিংবা পাড়া-প্রতিবেশীদের নিয়ে পিঠা খাওয়া আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের এ সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ পিঠা উৎসবের আয়োজন।’ উৎসবে শিক্ষার্থীদের পরিবেশিত নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


