২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগ দেশের ১ লাখ ৭২,৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলেছে। নারীশিক্ষা, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তা—ব্র্যাক ব্যাংকের সিএসআর কার্যক্রম শুধু সমাজের কল্যাণেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের জীবনে অর্থবহ পরিবর্তনও আনছে।
‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি কর্মসূচির মাধ্যমে ৮০৭ জন নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। ‘উদ্যোক্তা ১০১’-এ ৩৪৮ নারী উদ্যোক্তা প্রশিক্ষণ লাভ করেছেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্যাংক ৩৫টি বৃত্তি প্রদান করেছে। স্বাস্থ্যসেবা উদ্যোগে ৪৭,৫৩৪ জন চোখ পরীক্ষা ও চশমা পেয়েছেন, ৪৪,৫৪৫ জন বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা পেয়েছেন। এছাড়া ৩,৯৭১ জন ছানি অপারেশন ও ৭,০২৯ জন কিডনি ডায়ালাইসিস সুবিধা পেয়েছেন।
পরিবেশ ও মানবিক সহায়তায় ব্যাংক গাছ রক্ষণাবেক্ষণ, মৌসুমি ফসল প্রশিক্ষণ এবং শীতবস্ত্র বিতরণসহ বিপর্যস্ত এলাকায় সহায়তা দিয়েছে। ২০২৫ সালে নারী ক্রীড়া, সাহিত্য ও স্থানীয় উদ্যোগেও ব্যাংকের সক্রিয় অবদান লক্ষ্যণীয়। ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সামাজিক পরিবর্তন মানে মানুষের জীবনে প্রভাবশালী পরিবর্তন। আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াই, যাতে তারা মর্যাদা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।”


