ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর এ কর্মসূচি শুরু হয়।
ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছালে সেখানে অবস্থান নেন তারা। এতে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে”, “লীগ ধর, জেলে ভর”সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে শাহবাগ চত্বর মুখরিত হয়ে ওঠে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি ঘোষণা দেন, দাবি আদায় না হলে শাহবাগ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে এখানেই রাত্রিযাপন করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই দিন উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে আন্দোলন জোরদার হচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা।


