বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) ছাত্রশিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। এরপর সংগঠনের গঠনতন্ত্র ও সাংবিধানিক নীতি অনুসারে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সিবগাতুল্লাহ সিবগাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
সিবগাতুল্লাহ সিবগা সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘদিন কাজ করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৫ সেশনে তিনি ছাত্রশিবিরের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও প্রকাশনা সম্পাদকের মতো দায়িত্বও সফলভাবে পালন করেন।
ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি সিবগাতুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের পর আলোচনায় আসেন। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হিসেবে তার পরিচয় সামনে আসে এবং সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে তার ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়।
পারিবারিকভাবে সিবগাতুল্লাহর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সাবেক আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রশিবির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। ২০২৬ সেশনে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে ছাত্রশিবির নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাবে বলে জানা গেছে।


