বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। এ উপলক্ষে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ নামে পরিচিত ৩০০ ফিট মহাসড়কসহ আশপাশের এলাকায় সৃষ্ট সব বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন এলাকায় জনসমাগম হয়েছে। এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের স্থানে বর্জ্য জমেছে। এসব এলাকা দ্রুত পরিচ্ছন্ন করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার সকাল থেকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এই কার্যক্রমের আওতায় ৩০০ ফিট মহাসড়ক ছাড়াও এয়ারপোর্ট রোড এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে। দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেবেন।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই নয়, বরং নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার একটি ইতিবাচক বার্তা দিতে চায় দলটি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনস্বার্থে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দলীয় সূত্র জানায়, পরিবেশ রক্ষা ও নগর পরিচ্ছন্নতা নিয়ে বিএনপি আগে থেকেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবারের বর্জ্য অপসারণ কার্যক্রম তারই ধারাবাহিক অংশ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত স্বাভাবিক ও পরিষ্কার অবস্থায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।


