বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী বৃহস্পতিবার বিকেল থেকেই নিজ নিজ গন্তব্যের পথে রওনা হন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে তারেক রহমানের বক্তব্য শেষ হওয়ার পরপরই অনুষ্ঠানস্থলে অবস্থান নেওয়া নেতাকর্মীদের মধ্যে ফেরার প্রস্তুতি লক্ষ্য করা যায়। দীর্ঘ সময় ধরে অপেক্ষা ও অংশগ্রহণের পর সংবর্ধনা শেষ হওয়ায় তারা ঢাকার বাইরে ফিরতে শুরু করেন।
কক্সবাজারের পেকুয়া থেকে আগত ছাত্রদল কর্মী সোহেল মোশাররফ বলেন, প্রায় দুই দশক পর তারেক রহমান দেশে ফিরেছেন—এটি আমাদের জন্য আবেগের বিষয়। তাকে এক নজর দেখতে এবং এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসা। তিনি জানান, তার সঙ্গে প্রায় ৫৭ জন নেতাকর্মী একদিন আগেই ঢাকায় এসে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন এবং রাত জেগে অপেক্ষা করেন।
একই এলাকার পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মারুফুল ইসলাম মারুফ বলেন, তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। সরাসরি তার বক্তব্য শোনার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টা ৫১ মিনিটে তারেক রহমান মঞ্চে উঠলে সংবর্ধনাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি গুলশানের বাসভবনে ফিরে যান। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আবেগের ছাপ স্পষ্টভাবে দেখা গেছে।


