যমুনা ব্যাংক পিএলসি মালয়েশিয়াভিত্তিক হরাইজন রেমিট এসডিএন বিএইচডি’র সঙ্গে বৈদেশিক রেমিট্যান্স আদান–প্রদান জোরদারে নতুন এক ড্রইং এগ্রিমেন্টে সই করেছে। আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্ক বিস্তারে এটি ব্যাংকের জন্য একটি কৌশলগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যমুনা ব্যাংক জানায়, এই অংশীদারিত্বের আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা দ্রুত, সহজ ও নিরাপদ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। একই সঙ্গে হরাইজন রেমিট বাংলাদেশিদের মাঝে যমুনা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সুবিধা এবং ওয়েজ আর্নার্স রেমিট্যান্স বন্ড প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখবে। এর ফলে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ার পাশাপাশি প্রবাসীদের আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরাইজন রেমিটের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহাব বিন আবদুল আজিজ এবং যমুনা ব্যাংকের এনআরবি ব্যাংকিং ও এফআর বিভাগের প্রধান মো. আব্দুস সোবহান। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।
যমুনা ব্যাংক জানায়, প্রবাসীদের আর্থিক সেবা আরও সহজলভ্য করতে এবং বৈশ্বিক রেমিট্যান্স সেবায় প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে ব্যাংকটি ভবিষ্যতেও আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াবে। নতুন এই চুক্তি ব্যাংকের রেমিট্যান্স সেবা উন্নয়ন ও জাতীয় রেমিট্যান্স বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।


