আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার রাজধানীতে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচন ঘিরে ভুয়া তথ্য, গুজব, ডিপফেক ভিডিও এবং বিভ্রান্তিমূলক কনটেন্ট ছড়ানো ঠেকাতে ইসি বিশেষ মনোযোগ দিচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিটিআরসি ও সাইবার ইউনিটের সঙ্গে সমন্বয়ে আলাদা সেল গঠন করা হয়েছে। উদ্দেশ্য হলো— নির্বাচনী পরিবেশ যাতে বিভ্রান্তি বা ডিজিটাল হামলার কারণে ক্ষতিগ্রস্ত না হয়।
কমিশনার সানাউল্লাহ আশা প্রকাশ করেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি জানান, এবার রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছে, যা নির্বাচনের প্রতি বিশ্বসমাজের আস্থা প্রতিফলিত করে।
তিনি আরও বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং অবাধ ভোটাধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


