সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ বিকেল সাড়ে তিনটায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান সংবাদমাধ্যমকে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবার সম্মতি জানিয়েছেন। তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি অনুষ্ঠানে অংশ নেবেন।
এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে আজ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এ বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে। ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।


