অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করে গঠিত নতুন ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর নামে প্রাথমিক লাইসেন্স (লাইসেন্স লেটার অব ইনটেন্ট-এলওআই) অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৯ নভেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে। পর্ষদের অন্য সদস্যদের মধ্যে আছেন অর্থ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, ধর্ম মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকটির নামে এলওআই ও লাইসেন্সের জন্য আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিক অনুমোদন দিয়েছে। এখন নামের নিবন্ধনের জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) কার্যালয়ে আবেদন করা হবে। আরজেএসসি অনুমোদন পাঠালে বাংলাদেশ ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাংকিং লাইসেন্স ইস্যু করবে।
কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা জানান, নতুন ব্যাংকের বর্তমান পর্ষদ ছয় মাস থেকে এক বছর দায়িত্ব পালন করতে পারে। এ সময়ের মধ্যে একীভূত পাঁচ ব্যাংকের অ্যাসেট-লায়াবিলিটি যাচাই করা হবে। এরপর বাজার অভিজ্ঞ পেশাজীবীদের দিয়ে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে।
এর আগে গত ৫ নভেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব নেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক নিয়ন্ত্রিত ছিল নজরুল ইসলাম মজুমদারের এবং বাকি চারটি ব্যাংক পরিচালনায় ছিল এস আলম গ্রুপ।


