শেয়ার বাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী হাতে থাকা শেয়ারের একটি বড় অংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার কাছে ব্যাংকটির মোট ৫৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে, পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে আগামী ৩০ অক্টোবরের মধ্যে উল্লিখিত শেয়ারগুলো বিক্রি করবেন তিনি।
এনআরবিসি ব্যাংক ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকের রিজার্ভে রয়েছে ৫৪২ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪টি, যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৬০ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২ দশমিক ৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে বাকি ৩৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ার।
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সায়।
এর আগে ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ওই সময়ে ইপিএস হয়েছিল ৯ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪০ পয়সা। তবে ২০২৩ সালে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।


