আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা কাটছে না। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি নাজুক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাই ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা। সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে সরকারকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
বিগত নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এবার তারা কতটা সহায়ক হবে এ নিয়েও রয়েছে সংশয়। সম্প্রতি গণঅধিকার নেতা নুরুল হক নূরের ওপর হামলা নির্বাচনে অস্থিরতার পূর্বাভাস বলেই মনে করছেন অনেকে।
নিরাপত্তা বিশ্লেষক নাঈম আসফাক চৌধুরীর মতে, নির্বাচনের আগে বাড়াতে হবে গোয়েন্দা তৎপরতা। সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে নিতে হবে প্রস্তুতি।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের ঘাটতি শঙ্কার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে তখন।
অধ্যাপক মাহবুব উল্লাহ আরও বলেন, নির্বাচনের আগে নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য যাতে বিরোধে পরিণত না হয় সেই প্রত্যাশাও জানান বিশ্লেষকেরা।


