বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে আট জন জেলে নিখোঁজ রয়েছেন। সাগরে ভাসমান অবস্থায় অপর একটি নৌকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড। এ প্রসঙ্গে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে নিখোঁজের ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় একটি জিডি করা হয়েছে। এতে বলা হয়েছে, ট্রলারটিতে ১৯ জন ছিল। এর মধ্যে ১১ জনকে অপর একটি নৌকা জীবিত উদ্ধার করেছে। এখনও নিখোঁজ রয়েছে আট জন।
শুক্রবার কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ট্রলারের মালিক আজ বিষয়টি কোস্টগার্ডকে জানিয়েছেন। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে কোস্টগার্ড।


