Thursday, April 16, 2026
Home জাতীয় এনবিআর আন্দোলন প্রত্যাহার

এনবিআর আন্দোলন প্রত্যাহার

চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার করেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে গতকাল রাতে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর আগে রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এ সমঝোতা বৈঠক করেন। পরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, ‘অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতারা আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে, তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। আমরা এ কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে আশা করি।’

দেশের আমদানি-রফতানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিজেদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান ঐক্য পরিষদের সভাপতি। এনবিআর কার্যক্রমকে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগে পৃথক্‌করণের অধ্যাদেশ জারির পর প্রায় দেড় মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিল সংগঠনটি। এর ধারাবাহিকতায় শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সারা দেশের কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনগুলোয় আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। তাতে স্থবির হয়ে পড়ে ব্যবসা-বাণিজ্য। হুমকির মুখে পড়ে তৈরি পোশাক, প্লাস্টিক, সিরামিক, বিদ্যুৎ, জ্বালানি, ওষুধসহ দেশের অর্থনীতির বিভিন্ন খাত।

সরকারের পক্ষ থেকে তাই বলা হয়, ‘তথাকথিত’ আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক; যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থী। আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও তাতে সাড়া দিচ্ছিলেন না আন্দোলনকারীরা। এর মধ্যে গতকাল দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছিল, ঘুসের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ দেয়ার অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। তাদের মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

পাশাপাশি এনবিআরের বিদ্যমান সংকট সমাধানে গতকাল জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করে সরকার। কমিটির সদস্য করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এদিকে গতকাল বিকাল ৪টায় এনবিআর ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক হওয়ার কথা ছিল। তবে তার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআর ইস্যুতে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিও আসে। তাতে বলা হয়, সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থবছরের শেষ দুই মাসে আন্দোলনকারীরা রাজস্ব আহরণ কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। তথাকথিত এ আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের চরম পরিপন্থী। সরকারের পক্ষ থেকে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাবি বিবেচনায় নেয়ার সুস্পষ্ট ঘোষণা দেয়া হয় ও আলোচনায় আসার আহ্বান জানালেও তারা তা অগ্রাহ্য করে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার গ্রহণযোগ্য সমাধান না করে তারা আন্দোলনের নামে অনমনীয় অবস্থান নিয়ে ক্রমাগত দেশের অর্থনীতির ক্ষতি করে চলেছে। এ পরিস্থিতিতে অতি জরুরি আমদানি-রফতানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখার জাতীয় স্বার্থে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টম হাউজ, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

দিনভর এনবিআরের আন্দোলন কর্মসূচি চলাকালে ঘুসের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দেয়ার অভিযোগে সংস্থাটির ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। তারা হলেন সদস্য (আয়কর নীতি) একেএম বদিউল আলম; ভ্যাট গোয়েন্দার অতিরিক্ত কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার; কর অঞ্চল-৮-এর অতিরিক্ত কমিশনার ও ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মির্জা আশিক রানা; কর অঞ্চল-১৬-এর অতিরিক্ত কর কমিশনার ও ঐক্য পরিষদের সহসভাপতি মোনালিসা শাহরীন সুস্মিতা; ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য সাধন কুমার কুণ্ডু এবং বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান। এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, ‘অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।’

রাজস্ব আহরণ বাড়াতে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারকে তাগিদ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসব সংস্কারের মধ্যে এনবিআরের নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ কার্যক্রম পৃথক্‌করণের বিষয়টিও রয়েছে। এ ইস্যুতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন পর্যবেক্ষণের কথা জানিয়েছে আইএমএফ। বাংলাদেশের অনুকূলে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের পর গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সফর করে যাওয়া আইএমএফ মিশনপ্রধান ক্রিস পাপাজর্জিও। আইএমএফের ডেপুটি মিশন প্রধান আইভো ক্রিজনার এবং বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন।

সংবাদ সম্মেলনে আইএমএফের কাছে সাংবাদিকরা জানতে চান—‌রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা আলাদা করতে আইএমএফের পরামর্শ রয়েছে। সরকার এ দুটি কার্যক্রম আলাদা করতে যে অধ্যাদেশ জারি করেছিল, তার বিরোধিতা করে এবং এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে সারা দেশে কর কর্মকর্তাদের ‘শাটডাউন’ কর্মসূচি চলছে। এতে রাজস্ব আহরণ কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় আইএমএফের দেয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব কিনা? জবাবে আইএমএফ মিশনপ্রধান ক্রিস পাপাজর্জিও বলেন, ‘আমরা যেসব সংস্কারের তাগিদ দিচ্ছি, তা নিয়ে এনবিআর চেয়ারম্যান আমাদের হালনাগাদ পরিস্থিতি জানাচ্ছেন। জনগণকে এটি স্বীকৃতি দেয়া প্রয়োজন যে সরকার যেসব প্রচেষ্টা চালাচ্ছে, তা খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার।’

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে দেশের বৈদেশিক বাণিজ্যে স্থবিরতা নেমে আসায় গতকাল সন্ধ্যায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন শীর্ষ ব্যবসায়ী নেতারা। বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা এক বিবৃতিতে আন্দোলন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধানের আহ্বান জানান। এক্ষেত্রে প্রয়োজনে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক ও আইনি দাবিগুলোর বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা ও মধ্যস্থতার উদ্যোগ নিতে ব্যবসায়ী নেতারা প্রস্তুত রয়েছেন বলেও জানান। এরপর বিসিআই কার্যালয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং দেশের শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন। বৈঠক শেষে গতকাল রাত সাড়ে ৯টার দিকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে। এ বিষয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, দেশের শীর্ষস্থানীয় চামড়াজাত পণ্য প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যারের এমডি ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী; এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহসভাপতি মির্জা আশিক রানা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments