রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ শনিবার (২৮ জুন) ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন।
এদিকে আন্দোলনকারীদের অবস্থানের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে এনবিআরের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছেন বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্ট গার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এই অবস্থায় ভেতরে কেউ ঢুকতে পারছেন না। বের হতেও পারছেন না কেউ। ফলে এনবিআরের সব সেবা বন্ধ রয়েছে।
কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে।
কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে সারা দেশের শুল্ক-কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি।
এদিকে গতকাল শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কার নিয়ে এনবিআরের চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয় সভা করেছে। এতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা, কর্মকর্তাদের বদলি আদেশ পুনর্বিবেচনা ও আগামী মঙ্গলবার তিন পক্ষের মধ্যে আলোচনা হবে—এই তিনটি সিদ্ধান্ত হয়েছে।


