বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহন অপসারণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে রাজধানীর পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দূষণকারী ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশসম্মত উৎপাদন পদ্ধতি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
রাজধানীতে অতিরিক্ত হর্ন ব্যবহারের ফলে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি হর্ন নিয়ন্ত্রণেও কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।
সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত ৫০টি স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফিটনেসবিহীন বাস, ট্রাক ও অন্যান্য দূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করে দ্রুত সেগুলো সড়ক থেকে অপসারণের তাগিদ দেওয়া হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


