প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকের বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত মিশনপ্রধান বাইবা জারিনা এবং জার্মানির ভারপ্রাপ্ত মিশনপ্রধান আনজা কারস্টেন অংশ নেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল এবং অন্যান্য খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
হুমায়ুন কবির পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। অন্যদিকে, ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।


