দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠে নেমেছে বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বন্যাকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ পৌঁছে দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাহিনীটি।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশনায় চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাতকানিয়া উপজেলার দুর্গম এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। তিনি দুর্গত মানুষের জন্য দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্টদের প্রচেষ্টার প্রশংসা করেন।
একই দিনে বিমান বাহিনীর স্টেশন শমশেরনগর থেকেও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত পরিবারের মধ্যে শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্গত মানুষের প্রয়োজন বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিমান বাহিনী।
এদিকে, সম্ভাব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিমান বাহিনীর বিশেষ রেসকিউ টিম ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সক্রিয় রয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, দেশের জনগণের জানমাল রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।


