নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষা জোরদারে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের নারী সদস্যদের এই সুবিধার আওতায় আনা হবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বরিশাল সফর।
প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলার অন্তত ৭ হাজার পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন। পাশাপাশি নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক (ডিগ্রি) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার উদ্যোগ নিয়েছে। এছাড়া মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষের সমর্থন থাকলে জনগণের কল্যাণে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কোনো বাধা গ্রহণ করা হবে না।
এর আগে সকালে গৌরনদীতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা। পরে তিনি বাটাজোর ইউনিয়নে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি চারা রোপণ করেন। সফরের অংশ হিসেবে বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


