রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় তিনি বাংলাদেশের এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার, জনগণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের সাত জেলার ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। বন্যা ও পাহাড়ধসে এখন পর্যন্ত ৫১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে লাখো মানুষ গৃহহীন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
শোকবার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপ সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষের সাহস, ধৈর্য ও সহনশীলতা দেশটিকে দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে। একই সঙ্গে তিনি নিহতদের প্রতি গভীর শোক, আহতদের দ্রুত সুস্থতা এবং বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি কামনা করেন।


