সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, সদস্যদের দ্রুত উপস্থিতি ও সতর্ক অবস্থানের কারণে ওই চেষ্টা সফল হয়নি।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, শূন্যরেখা থেকে প্রায় ২০ থেকে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতজনকে নিয়ে এসে পুশ ইন করার চেষ্টা করা হয়। তবে বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি সূত্রে জানা যায়, পুশ ইনের চেষ্টার শিকার ব্যক্তিদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই ছিলেন। সীমান্তে টহল জোরদার থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন কিংবা যেকোনো ধরনের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।


