রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। বিচারক শাহজাহান কবির আগামী ৮ জুলাই আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
দুদকের করা মামলায় অভিযোগ করা হয়েছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিধি লঙ্ঘন করে বিশেষ গভর্নিং কমিটির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা তার প্রতিনিধিসহ প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়নি।
এছাড়া বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ সনদের শর্ত থাকলেও তা ছাড়াই কিছু প্রার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এমনকি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই কয়েকজনের নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়।
গত বছরের ২২ ডিসেম্বর দায়ের করা এ মামলায় রাশেদ খান মেননসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে স্কুলটির সাবেক অধ্যক্ষ, গভর্নিং বডির কয়েকজন সাবেক সদস্য এবং শিক্ষক পদে নিয়োগ পাওয়া একাধিক ব্যক্তিও রয়েছেন।
২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেনন গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আছেন। জুলাই গণঅভ্যুত্থান দমনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান একটি মামলাতেও তিনি বিচারাধীন।


