রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক কর্মীরা ১৫ দিনের মধ্যে চাকরিতে পুনর্বহালের আলটিমেটাম দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর কোনো ধরনের নিয়মনীতি বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত জীবনে সংকট তৈরি করেনি, বরং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতাকেও ঝুঁকির মধ্যে ফেলেছে।
বক্তারা আরও বলেন, ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং পুরো ঘটনার বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা জরুরি। পাশাপাশি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তি নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধন থেকে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়।
এই কর্মসূচিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি–এর সাবেক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই জানান, চাকরি হারানোর পর তারা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মতে, দ্রুত পুনর্বহাল না হলে তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। উল্লেখ্য, এর আগে এই ছয়টি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপ–এর হাতে। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে গ্রুপটি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হারায়।


