জ্বালানি সাশ্রয় এবং বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশব্যাপী ব্যয় কমাতে নতুন একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। আগামী কার্যদিবস থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একইভাবে ব্যাংকের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তবে দৈনিক হিসাব-নিকাশ সম্পন্ন করতে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বাজার, দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তদারকি জোরদার করবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক নির্দেশনা শিগগিরই জারি করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রেও এ ধরনের পরিবহনে শুল্ক কমানো হয়েছে।
জ্বালানি সংকট মোকাবেলায় বিয়ে বা উৎসব অনুষ্ঠানে আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সরকারি খাতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে নতুন যানবাহন ও কম্পিউটার কেনা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। বিদেশ সফর ও প্রশিক্ষণ খরচও কমানো হয়েছে। সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের ওপর প্রভাব কমাতে ভর্তুকি অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।


