রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদের এই বৃহৎ জামাতে তিনি নামাজ আদায় করেন।
স্থানীয় মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এই আনন্দঘন পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল সম্প্রীতির আবহ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক হিংসা-বিদ্বেষ পরিহার করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কেবল পার্থিব জীবনের উন্নয়ন নয়, আখিরাতের কল্যাণের কথাও মাথায় রেখে জীবন পরিচালনা করতে হবে। মানুষের নৈতিক উন্নয়ন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই প্রকৃত সফলতা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ঈদের এই জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে উদযাপিত হয় এবারের ঈদুল ফিতর।
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও মিরপুরের এই মাঠে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।


