সিলেট নগরের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদান এবং তাদের কল্যাণে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য সমাজের বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করা জরুরি। এ ক্ষেত্রে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষ এসব কাজে নিজেদের সম্পৃক্ত মনে করবেন।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে যে পরিকল্পনা তুলে ধরা হয়েছিল, তারই ধারাবাহিকতায় ইমামদের কল্যাণে সরকার কিছু উদ্যোগ নিতে যাচ্ছে। ইমামদের মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে একটি রাষ্ট্রস্বীকৃত বিধিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত সিদ্ধান্তে ইমাম নিয়োগ বা চাকরিচ্যুতির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এছাড়া ইমামদের জন্য এমন সম্মানীর ব্যবস্থা করার কথাও জানান তিনি, যাতে চার থেকে ছয় সদস্যের একটি পরিবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমাজের উন্নয়ন কার্যক্রমের একটি সমন্বিত সম্পর্ক তৈরি করা হলে তা সামগ্রিক সামাজিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।
অনুষ্ঠানে সিলেট নগরের ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম ও ১ হাজার ২১১ জন মুয়াজ্জিনের মধ্যে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী বিতরণ করা হয়।সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।


