আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে প্রস্তুতির দিক থেকে বিএনপির জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেকটাই এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশের সার্বিক নির্বাচন পরিবেশ, মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলগুলোর জন্য নিরাপদ ও স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সহজ নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়ায় সার্বিকভাবে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এই পরিস্থিতির মধ্যেও মাঠে থেকে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ।
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, “আমাদের সাংগঠনিক কার্যক্রম, প্রার্থী চূড়ান্তকরণ ও মাঠ পর্যায়ের প্রস্তুতি বিএনপির জোটের তুলনায় অনেকটাই এগিয়ে। জামায়াত ও এনসিপির জোট সমন্বিতভাবে নির্বাচন মোকাবিলায় প্রস্তুত রয়েছে।”
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত হওয়া নিয়ে এখনও সংশয় রয়েছে বলেও জানান। তার অভিযোগ, একটি বিশেষ দলকে সুবিধা দিতে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সিগন্যালিং করা হচ্ছে। নাহিদ ইসলাম আরও বলেন, ঋণখেলাপি থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, যা নির্বাচন আচরণবিধির পরিপন্থী। বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ভূমিকা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


