রাজধানীর কাওরান বাজারে দেশের শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন লুটপাট এবং চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বাকি ব্যক্তিদের ভূমিকা যাচাই-বাছাই করা হচ্ছে। মঙ্গলবার নতুন করে আরও নয়জনকে আটক করায় তদন্ত কার্যক্রমে গতি এসেছে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়। দীর্ঘ সময় ধরে তারা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত থাকে। হামলাকারীরা আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা দেয়। একই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়েও হামলা চালানো হয়।
এ ঘটনার পর গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনার প্রেক্ষিতে গত রোববার রাতে প্রথম আলো তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


