ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে কোনো ধরনের আপস বা সমঝোতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও বিশ্বপরিমণ্ডলের প্রভাবশালী আলেম মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী। শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত সম্মিলিত পরিষদের আয়োজিত আন্তর্জাতিক মহাসম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
মাহমুদ মাদানী বলেন, *“আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)–এর পর আর কোনো নবী আগমন করবেন না। এ বিশ্বাস থেকে বিচ্যুত হলে তা ইসলামের মূল আকিদা থেকে বের হয়ে যাওয়ার শামিল।”* তিনি আরও বলেন, ধর্মীয় মৌলিক বিশ্বাস রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে নবুওয়তের বিষয়ে আপসের প্রশ্নই ওঠে না।
তিনি জানান, খতমে নবুওয়তের বিষয়টি মুসলমানদের চিরন্তন বিশ্বাস। তাই এই আকিদা রক্ষায় আলেম, ছাত্র, সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্ব রয়েছে। “গ্রামেগঞ্জে মানুষের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য,”—যোগ করেন তিনি।
এদিন খতমে নবুওয়ত রক্ষার দাবিতে আয়োজিত সম্মেলনে পাঁচটি দেশের আলেমরা অংশ নেন। পাকিস্তান, ভারত, মিসরসহ বিভিন্ন দেশের শীর্ষ ইসলামি চিন্তাবিদেরা বক্তব্য রাখেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিও লক্ষণীয় ছিল।
সম্মেলনের অন্যতম দাবি ছিল—কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। আয়োজকদের মতে, খতমে নবুওয়ত রক্ষার স্বার্থে এ দাবি দীর্ঘদিনের এবং মুসলিম সমাজে এটি গভীর গুরুত্ব বহন করে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ মহাসম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন।


