বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র যৌথ উদ্যোগে রাজশাহীতে এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের আয়োজনে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) শামসুল আরেফীন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. ইদ্রিস।
প্রশিক্ষণের সারসংক্ষেপ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহী জোনপ্রধান মো. মনিরুল ইসলাম।
মাসব্যাপী এই প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন, রেকর্ড সংরক্ষণ, উদ্ভাবন ও ডিজিটাল ব্যবসা পরিচালনা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে, যা তাদের ব্যবসায়িক সক্ষমতা ও প্রতিযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।


