জুলাই সনদ স্বাক্ষরের দিনকে মহান দিন বলে অভিহিত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাস রুমে আলোচনা হবে। বিভিন্ন দেশের রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই। তারা চেষ্টা করে দেখবে তাদের দেশে সেটা সম্ভব কি না।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ড. ইউনূস।
ড. ইউনূস আরও বলেন,জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদ প্রণয়ন ও স্বাক্ষরের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছেন। তাদের নাম ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। লোকে চিন্তা করবে কীভাবে এটা তারা করেছেন।


