বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রকৃত গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে প্রতিটি মানুষ তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। একজনের কণ্ঠস্বর আরোপিত হলে তা কখনো গণতন্ত্র নয়, বরং স্বৈরতন্ত্র।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। সেই সংগ্রামের সুফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যেখানে মানুষের ভোটাধিকার, অর্থনৈতিক মুক্তি ও কথা বলার স্বাধীনতা নিশ্চিত হয়।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কখনো জনগণের ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না। বরং দলের রাজনীতির মূল লক্ষ্য হলো মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে কাজ করা।
জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
তিনি শেষ বক্তব্যে বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার এই আন্দোলনে বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে।


