প্রতিটি পণ্যের কেনাবেচায় মূল্য রশিদ বাধ্যতামূলক করার নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন কারওয়ান বাজার ২ নম্বর কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমেদ রাসেল। তিনি বলেন, পণ্যের দাম বাড়লে ব্যবসায়ীদের ওপর সরকার চাপ দেয়, কিন্তু স্টোরেজ মালিকরা সঠিক মূল্য রশিদ দেয় না।
ফরিদ আহমেদ রাসেল বলেন, কিছুদিন আগে আলুর দাম বেড়ে গেলে সরকার আমাদের ওপর চাপ দিয়েছিল। কিন্তু মূল সমস্যা পণ্যের মূল্য রশিদ না থাকা।
তিনি আরো বলেন, প্রতিটি পণ্যের ক্রয়মূল্য, পরিমাণ ও উৎসের হিসাব সংযুক্ত করতে হবে। এতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এবং অতিরিক্ত দামে বিক্রির সুযোগ কমবে।
ফরিদ আহমেদ রাসেল বলেন, বাজার প্রতিনিধিরা তদারকি করলেও স্টোরেজ মালিকরা রশিদ দেন না। তাই প্রতিটি পণ্যের মূল্য রশিদ বাধ্যতামূলক করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।


