Thursday, April 30, 2026
Home অর্থ-বানিজ্য ৫ ব্যাংকের ব্যাখ্যা নিয়ে শুনানি শুরু রোববার

৫ ব্যাংকের ব্যাখ্যা নিয়ে শুনানি শুরু রোববার

বাংলাদেশের ব্যাংক খাতে বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের উদ্যোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে। এরই অংশ হিসেবে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ব্যাখ্যা শুনানি, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

এ বিষয়ে গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পাঁচটি ব্যাংকের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যাংকগুলোর ক্যাপিটাল, লিকুইডিটি সাপোর্ট, খেলাপি ঋণ, সিআরআর এবং প্রভিশন শর্টফলের সর্বশেষ পরিস্থিতি তথ্য নিয়ে শুনানিতে আসার জন্য বলা হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে কেন একীভূত করা হবে নাÑসে ব্যাখ্যা নিয়ে আসার জন্যও বলা হয় চিঠিতে।

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর মধ্যে একীভূত হতে চায় না এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। একীভূত প্রক্রিয়ার শুরু থেকে ব্যাংক দুটি তাদের বাদ দেওয়ার জন্য কথা বলে আসছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবের কাছে একীভূত প্রক্রিয়া থেকে বাদ দিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রেজাউল হকসহ ৯ জন শেয়ারধারী চিঠি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এসব ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২৫ হাজার কোটি টাকা মূলধন বিনিয়োগ হিসেবে সরকারের কাছে চেয়ে গত সপ্তাহে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর সব ব্যাংকের চাঁদায় গড়ে ওঠা আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে ঋণ হিসেবে থেকে ১০ হাজার কোটি টাকা নেওয়া হবে। এজন্য আমানত বিমা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান আইনে আমানত বিমা তহবিল থেকে ট্রেজারি বিল ও বন্ড ছাড়া অন্য কোথাও বিনিয়োগের সুযোগ নেই।

সংশ্লিষ্টরা জানান, সরকারের সম্মতি পাওয়ার পর একেবারে নতুন ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি লাইসেন্স ইস্যু হবে। এরপর আরজেএসসি থেকে নিবন্ধন নেওয়া হবে। প্রাথমিকভাবে ব্যাংকটি সরকারি হিসেবে পরিচালিত হবে। সরকারের পক্ষে পরিচালনার দিক দেখাশোনা করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির জন্য মতিঝিলের সেনাকল্যাণ ভবনে অফিস ভাড়া নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এছাড়া নতুন ব্যাংকের জন্য ইসলামী ব্যাংকিং, আর্থিক খাত, তথ্যপ্রযুক্তি এবং আইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে স্বতন্ত্র একটি পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক। নতুন পর্ষদ দায়িত্ব নিয়ে ইসলামী ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ একজনকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে। পাঁচটি ব্যাংকের অনেক ক্ষেত্রে একই এলাকায় একাধিক শাখা রয়েছে। এতে করে কর্মী ছাঁটাইয়ের একটি প্রশ্ন আসবে। তবে কর্মীদের গণহারে যেন ছাঁটাই করতে না হয়, সে লক্ষ্যে গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে। এছাড়া কোনো এলাকা থেকে সংগৃহীত আমানতের বেশির ভাগ সে এলাকায় বিনিয়োগ করবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকের আমানত ধারাবাহিকভাবে কমে গত মে পর্যন্ত এক লাখ ৩৬ হাজার ৫৪৬ কোটি টাকায় নেমেছে। গত মার্চ পর্যন্ত মোট আমানত ছিল এক লাখ ৪৬ হাজার ৮৯৯ কোটি টাকা। আর গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছিল এক লাখ ৫৮ হাজার ৬০৬ কোটি টাকা। আমানত কমার বিপরীত চিত্র রয়েছে ঋণে। সুদসহ নিয়মিতভাবে ঋণস্থিতি বেড়ে যাচ্ছে। গত মে পর্যন্ত ব্যাংকগুলোর ঋণস্থিতি দাঁড়িয়েছে এক লাখ ৯৫ হাজার ৪১৩ কোটি টাকা। গত মার্চে যা ছিল এক লাখ ৯৩ হাজার ৮৫৫ কোটি টাকা। আর গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছিল এক লাখ ৯১ হাজার ৫৮৫ কোটি টাকা।

সব মিলিয়ে পাঁচটি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা। মোট ঋণের যা প্রায় ৭৭ শতাংশ। বিপুল অঙ্কের এ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি দেখা দিয়েছে ৭৪ হাজার ৫০১ কোটি টাকা।

শতাংশ বিবেচনায় সর্বোচ্চ ৯৮ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে ইউনিয়ন ব্যাংক। পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৬ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯৫ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬২ শতাংশ এবং এক্সিম ব্যাংকের ৪৮ শতাংশ। আমানতকারীদের অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ ধার হিসেবে সর্বোচ্চ সাড়ে আট হাজার কোটি টাকা নিয়েছে এক্সিম ব্যাংক। পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী নিয়েছে সাত হাজার ৫০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় হাজার ৬৭৫ কোটি, গ্লোবাল ইসলামী দুই হাজার ২৯৫ কোটি ও ইউনিয়ন ব্যাংক দুই হাজার ৪০০ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের...

Recent Comments