চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার তালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্লেনারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তিনি।
‘এন্ট্রেপ্রেনারশিপ ফর আ নিউ ইরা’ প্রতিপাদ্যে আয়োজিত এ বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা অংশ নেন। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস সিঙ্গি। এ সময় চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংসহ দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো ও গিনির সরকারপ্রধানরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সম্মেলনের বিভিন্ন পর্বের ফাঁকে তারেক রহমান একাধিক দেশের শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয় গুরুত্ব পায়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ এবং অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলোও তুলে ধরা হয়।
এর আগে মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু বিষয়ক এক উচ্চপর্যায়ের আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রতিশ্রুত আন্তর্জাতিক সহায়তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৈশ্বিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
চলতি দায়িত্ব গ্রহণের পর এটি কোনো আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অংশগ্রহণ। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির কৌশল তুলে ধরছেন।
সম্মেলনের কার্যক্রম শেষে বুধবার স্থানীয় সময় দুপুরে তালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


