ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছেন পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় মতিঝিলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজারের বেশি বিনিয়োগকারী অংশ নেন।
বিক্ষোভকারীদের মূল দাবি—পুঁজিবাজার স্থিতিশীল করতে বিএসইসি ও আইসিবির চেয়ারম্যান অপসারণ, গেইন-ট্যাক্স প্রত্যাহার, কোম্পানিগুলোর ন্যূনতম ৫০% লভ্যাংশ নিশ্চিতকরণ এবং জেড ক্যাটাগরিতে কোম্পানি পাঠানোর বিধান সংস্কার। এছাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ শতভাগ কার্যকর করা, মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ ত্বরান্বিত করা এবং দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ কোম্পানির বোর্ড পুনর্গঠনের দাবিও তোলেন তারা।
বিনিয়োগকারীরা অভিযোগ করেন, পুঁজিবাজারে অযাচিত হস্তক্ষেপ ও ফোর্স সেল পরিস্থিতি আরও খারাপ করছে। তারা মনে করেন, বাজারে আস্থা ফেরাতে প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন জরুরি। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়িত না হলে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।


