বৃহস্পতিবার রাতে সেখানে হামলাকারীরা অবস্থান করেন। তাদের মনোরঞ্জনের জন্য দুজন নারী সঙ্গীও ছিল। পরে শুক্রবার সকাল ৮টায় তারা দুজন রিসোর্ট থেকে বেরিয়ে ঢাকায় আসেন। জুমার নামাজের পর হাদিকে অনুসরণ করে গুলি করে পালিয়ে যান তারা। গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে গতকাল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, দুপুর ২টার দিকে তাকে বহনকারী গালফস্ট্রিম জি-১০০ সিরিজের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গত রোববার রাতে রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলা তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় অভিযুক্ত দুই হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান এবং আলমগীরকে সীমান্ত পার হতে সহায়তার সন্দেহে চারজনকে আটক করা হয়। এর মধ্যে শেরপুরের বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশলকে (২৮) আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
তাদের দুজনকে আটকের আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশে সোপর্দ করার কথা জানায় বিজিবি। আর পুলিশের হাতে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পাচার চক্রের সদস্য সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম আটক রয়েছেন।
জানা গেছে, চার ঘণ্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ এই সফরে সম্মত হন। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদি ও ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল।
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল টেলিকনফারেন্সে যোগাযোগ করেছে। আমরা শুধু হাদির জন্য দোয়া চাইব। এটুকু বলতে পারি, যদি আল্লাহ রহম করেন, তাহলে হয়তো হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।
এদিকে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে হাদিকে হত্যাচেষ্টার শুটার ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


