দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১ সালের জন্য ১৮০ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দিয়েছে সরকার। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সিআইপিধারীরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসাসংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।
এ ছাড়া সিআইপিরা তাঁদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিত্সার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জন্য ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে।
এর আগে ২৪ মে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমানের সই করা এক প্রজ্ঞাপনে সিআইপি সম্মাননায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।
সরাসরি রপ্তানি খাতে অবদানের জন্য ১৪০ জনকে সিআইপি সম্মাননা দেওয়া হয়েছে।
তাঁদের মধ্যে কাঁচা পাট শ্রেণিতে চারজন, পাটজাত পণ্যে চারজন, চামড়া ও চামড়াজাত পণ্যে পাঁচজন, হিমায়িত খাদ্যে আটজন, ওভেন পোশাকে (একক) ১৭ জন, ওভেন পোশাক (গ্রুপ) শ্রেণিতে চারজন, কৃষি প্রক্রিয়াজাত পণ্যে তিনজন, কৃষিপণ্যে আটজন, হালকা প্রকৌশল পণ্যে তিনজন, ফার্মাসিউটিক্যালস শ্রেণিতে চারজন এবং হস্তশিল্প শ্রেণিতে তিনজন সিআইপি সম্মাননা পেয়েছেন।
অন্যদের মধ্যে হোম টেক্সটাইলে তিনজন, নিট পোশাকে (একক) ২৫ জন, নিট পোশাকে (গ্রুপ) সাতজন, সিরামিক পণ্যে দুজন, প্লাস্টিক পণ্যে একজন, বস্ত্র খাতে সাতজন এবং কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সেবা ও ডাটা প্রসেসিং ইত্যাদি পণ্য ও সেবা শ্রেণিতে চারজন, বিবিধ পণ্য শ্রেণিতে ২৩ জন ও ইপিজেডভুক্ত পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধি সিআইপি সম্মানা পেয়েছেন। এ ছাড়া ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের থেকে ৪০ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান স্বাগত বক্তব্য দেন।
১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে—বাণিজ্যমন্ত্রী : ২০৩০ সালের মধ্যে দেশে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পূরণ করতে সব ব্যবসায়ীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সিআইপি (রপ্তানি ও ট্রেড) ২০২১ কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
সিআইপি (রপ্তানি) নীতিমালা-২০১৩ অনুযায়ী ২২টি রপ্তানি পণ্য খাতের মধ্যে ১৯টি পণ্য ও সেবা খাতে বিশেষ অবদান রাখায় ২০২১ সালে মোট ১৪০ জনকে সিআইপি (রপ্তানি) এবং ৪০ জন ব্যবসায়ী নেতাকে পদাধিকার বলে সিআইপি (ট্রেড) সম্মানে ভূষিত করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
আমি বিশ্বাস করি, দেশের সব ব্যবসায়ী সমাজ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।


